পিআরপি চিকিৎসা: ধরন, খরচ, উপকারিতা, সীমাবদ্ধতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড
৫টি জরুরি তথ্য একনজরে
পিআরপি চিকিৎসা নেওয়ার আগে পাঠকরা সবচেয়ে বেশি যে ৫টি বিষয় জানতে চান:
- ১ পিআরপি কী ও কীভাবে কাজ করে:আপনার নিজের রক্তের প্লাজমাই ত্বক ও চুলের কোষকে সক্রিয় করে। কীভাবে, তা জানুন নিচে।
- ২ পিআরপি চিকিৎসা কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় চুল পড়া, ব্রণের দাগসহ আরও কয়েকটি সমস্যায়।
- ৩ পিআরপি চিকিৎসা কাদের জন্য উপযুক্ত নয় কিছু অবস্থায় এটি না নেওয়াই ভালো। আপনি সেই তালিকায় পড়েন কি না, দেখে নিন।
- ৪ পিআরপি চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া ও ঝুঁকি সাধারণত হালকা ও অল্প সময়ের। কোনটি স্বাভাবিক আর কোনটিতে সতর্ক হবেন, জানা জরুরি।
- ৫ পিআরপি চিকিৎসায় কতটি সেশন প্রয়োজন? সংখ্যা সবার জন্য এক নয়। আপনার ক্ষেত্রে কত লাগতে পারে, তা জানতে পড়ুন।
সম্পূর্ণ উত্তর জানতে পুরো ব্লগটি পড়ুন।
পিআরপি চিকিৎসা বর্তমানে চুল পড়া, ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- ব্রণ, ব্রণের দাগ, মেলাসমা, ডার্ক সার্কেল এবং হাঁটু ও জয়েন্টের ব্যথার মতো সমস্যায় ব্যবহৃত হচ্ছে। এ চিকিৎসায় রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেটসমৃদ্ধ প্লাজমা আলাদা করে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট স্থানে প্রয়োগ করা হয়। কিন্তু পিআরপি চিকিৎসা কী, এটি কীভাবে কাজ করে, কোন কোন সমস্যায় নেওয়া যায় এবং এর উপকারিতা কতটুকু? চিকিৎসার আগে ও পরে কী কী সতর্কতা প্রয়োজন? কতটি সেশন লাগে এবং বাংলাদেশে এর খরচ কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে এই ব্লগে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
Table of Contents
পিআরপি চিকিৎসা কী?
পিআরপি (PRP) এর পূর্ণরূপ হলো প্লেটলেট রিচ প্লাজমা (Platelet-Rich Plasma)। এটি রোগীর নিজের রক্ত থেকে তৈরি একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি। এ পদ্ধতিতে রক্ত থেকে প্লেটলেট ও গ্রোথ ফ্যাক্টরসমৃদ্ধ প্লাজমা আলাদা করে ত্বক, মাথার ত্বক বা শরীরের নির্দিষ্ট স্থানে প্রয়োগ করা হয়। প্লেটলেটে থাকা গ্রোথ ফ্যাক্টর কোষের পুনরুদ্ধার, টিস্যুর পুনর্গঠন এবং নতুন কোষ তৈরির প্রক্রিয়ায় সহায়তা করে। যেহেতু এ চিকিৎসায় রোগীর নিজের রক্ত ব্যবহার করা হয়, তাই অন্যের রক্ত বা উপাদান ব্যবহারের তুলনায় অ্যালার্জি বা শরীরের প্রতিক্রিয়ার ঝুঁকি কম থাকে।
পিআরপি চিকিৎসার ব্যবহার প্রথমে রক্তের বিভিন্ন সমস্যার চিকিৎসায় শুরু হলেও সময়ের সঙ্গে এর প্রয়োগ আরও বিস্তৃত হয়েছে। ১৯৮০-এর দশকে অস্ত্রোপচারে এবং ১৯৯০-এর দশকে দন্তচিকিৎসায় এর ব্যবহার শুরু হয়। পরবর্তীতে চুল পড়া, ত্বকের যত্ন এবং টিস্যুর পুনর্গঠনের ক্ষেত্রেও পিআরপির ব্যবহার ও গবেষণা বিস্তৃত।
পিআরপি চিকিৎসা কীভাবে কাজ করে?
পিআরপি চিকিৎসা মূলত রোগীর নিজের রক্তে থাকা প্লেটলেটের কার্যকর উপাদান ব্যবহার করে কাজ করে। প্লেটলেটে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর থাকে, যা শরীরের স্বাভাবিক কোষের পুনরুদ্ধার ও টিস্যুর পুনর্গঠন প্রক্রিয়ায় ভূমিকা রাখে।
এ চিকিৎসায় প্রথমে রোগীর শরীর থেকে অল্প পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়। এরপর সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে রক্ত থেকে প্লেটলেটসমৃদ্ধ প্লাজমা আলাদা করা হয়। এই প্লাজমা প্রয়োজন অনুযায়ী ত্বক, মাথার ত্বক বা শরীরের নির্দিষ্ট স্থানে প্রয়োগ করা হয়।
প্রয়োগের পর প্লেটলেট থেকে নিঃসৃত গ্রোথ ফ্যাক্টর স্থানীয় কোষের কার্যক্রমকে উদ্দীপিত করতে এবং টিস্যুর স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করে যেমন- চুলের চিকিৎসায় এটি চুলের ফলিকলের কার্যক্রমে প্রভাব ফেলে আর ত্বকের চিকিৎসায় কোলাজেন উৎপাদন ও ত্বকের গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখে।
তবে পিআরপি চিকিৎসার ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং সব ধরনের চুল বা ত্বকের সমস্যায় এটি সমান কার্যকর নয়।
পিআরপি চিকিৎসা কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়?
পিআরপি চিকিৎসা শরীরের স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়াকে সহায়তা করার উদ্দেশ্যে বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়। বিশেষ করে চুল পড়া, ত্বকের যত্ন, জয়েন্টে ব্যথা, টেন্ডন ও লিগামেন্টের আঘাতসহ বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ রয়েছে। নিচে পিআরপি চিকিৎসার প্রধান ব্যবহারগুলো তুলে ধরা হলো:
- চুল পড়া ও চুল পাতলা হওয়ার সমস্যা: নারী ও পুরুষের বংশগত কারণে চুল পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া), অতিরিক্ত চুল ঝরে যাওয়া এবং চুলের ঘনত্ব কমে যাওয়ার ক্ষেত্রে পিআরপি চিকিৎসা ব্যবহার করা হয়। এটি চুলের ফলিকলের কার্যক্রমে সহায়তা করে চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে।
- ত্বকের যত্ন ও সৌন্দর্যবর্ধন বা স্কিন রেজুভেনেশন: ত্বকের গঠন ও গুণগত মান উন্নত করা, সূক্ষ্ম বলিরেখা কমানো, ব্রণের দাগের দৃশ্যমানতা কমানো এবং ত্বকের কোলাজেন উৎপাদনে বাড়ানোর লক্ষ্যে ফেস পিআরপি চিকিৎসা ব্যবহার করা হয়।
- জয়েন্ট ও হাড়ের সমস্যা: বিশেষ করে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যথা ও অস্বস্তি কমানো এবং জয়েন্টের নড়াচড়ার সক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে পিআরপি প্রয়োগ করা হয়। তবে সব ধরনের আর্থ্রাইটিস বা জয়েন্টের সমস্যায় এটি সমান কার্যকর নয়।
- টেন্ডন ও লিগামেন্টের ইনজুরি: টেনিস এলবো, কাঁধের রোটেটর কাফের সমস্যা এবং নির্দিষ্ট ধরনের টেন্ডন ও লিগামেন্টের আঘাতে টিস্যুর পুনর্গঠন ও সুস্থ হওয়ার প্রক্রিয়ায় সহায়তার জন্য পিআরপি ব্যবহার করা হয়।
- দীর্ঘস্থায়ী ক্ষত ও টিস্যুর সমস্যা: দীর্ঘদিনেও ভালো হচ্ছে না এমন কিছু ক্ষত, ডায়াবেটিক ফুট আলসার এবং নির্দিষ্ট ধরনের টিস্যুর ক্ষত নিরাময়ে সহায়ক চিকিৎসা হিসেবে পিআরপি প্রয়োগ করা হয়।
- দাঁত ও মাড়ির সমস্যা: মাড়ির রোগের চিকিৎসায় এবং দাঁত বা চোয়ালের সার্জারির পর মাড়ি ও হাড়ের টিস্যুর পুনর্গঠনে পিআরপি ব্যবহার করা হয়।
- বন্ধ্যাত্ব ও প্রজননস্বাস্থ্য-সংক্রান্ত সমস্যা: নারীদের ডিম্বাশয়ের কার্যকারিতা বাড়ানো, ডিম্বাশয়ের কম কার্যক্ষমতা এবং জরায়ুর ভেতরের আস্তরণ (এন্ডোমেট্রিয়াম) পাতলা হওয়ার মতো কিছু সমস্যায় পিআরপি ব্যবহারের বিষয়ে গবেষণা চলছে। তবে এসব ক্ষেত্রে চিকিৎসাটির কার্যকারিতা এখনো নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত নয়।

পিআরপি চিকিৎসার ধরন
চুলের যত্ন ও ত্বকের সৌন্দর্যবর্ধনে পিআরপি চিকিৎসা বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা হয়। চিকিৎসার উদ্দেশ্য ও ত্বক বা মাথার ত্বকের সমস্যার ধরন অনুযায়ী পদ্ধতি নির্বাচন করা হয়। পিআরপি চিকিৎসার উল্লেখযোগ্য কয়েকটি ধরন হলো:
১. চুলের জন্য পিআরপি চিকিৎসা (PRP Hair Treatment)
চুল পড়া ও চুল পাতলা হয়ে যাওয়ার নির্দিষ্ট সমস্যায় এই চিকিৎসা ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেটসমৃদ্ধ প্লাজমা আলাদা করে মাথার ত্বকের নির্দিষ্ট স্থানে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। এটি চুলের ফলিকলের কার্যক্রমে সহায়তা করে চুলের ঘনত্ব ও বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
২. পিআরপি ফেসিয়াল (PRP Facial)
ত্বকের গুণগত মান উন্নত করা, সূক্ষ্ম বলিরেখা কমানো এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনার লক্ষ্যে পিআরপি ফেসিয়াল করা হয়। এ পদ্ধতিতে রোগীর নিজের রক্ত থেকে সংগ্রহ করা প্লেটলেটসমৃদ্ধ প্লাজমা মুখের ত্বকে প্রয়োগ করা হয়।
৩. ভ্যাম্পায়ার ফেসিয়াল (Vampire Facial)
ভ্যাম্পায়ার ফেসিয়াল হলো পিআরপি ও মাইক্রোনিডলিংয়ের সমন্বয়ে করা একটি ত্বকের চিকিৎসাপদ্ধতি। এতে প্রথমে ত্বকে সূক্ষ্ম মাইক্রো-চ্যানেল তৈরি করা হয় এবং এরপর পিআরপি প্রয়োগ করা হয়। এটি ত্বকের গঠন, মসৃণতা ও সামগ্রিক গুণগত মান উন্নত করার লক্ষ্যে ব্যবহার করা হয়।
৪. ত্বক পুনরুজ্জীবনের জন্য পিআরপি (PRP for Skin Rejuvenation)
ত্বকের বয়সের ছাপ, সূক্ষ্ম বলিরেখা, রুক্ষতা ও অসমান গঠন উন্নত করার লক্ষ্যে পিআরপি চিকিৎসা ব্যবহার করা হয়। প্লেটলেটে থাকা গ্রোথ ফ্যাক্টর ত্বকের কোলাজেন উৎপাদন ও স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। ফলে ত্বকের সামগ্রিক গুণগত মান উন্নত হতে সহায়তা করতে পারে।
৬. হাঁটুর ব্যথার জন্য পিআরপি (PRP for Knee Pain)
হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয়জনিত সমস্যার কারণে ব্যথা ও হাঁটাচলায় অসুবিধা হলে কিছু ক্ষেত্রে পিআরপি চিকিৎসা দেওয়া হয়। এ পদ্ধতিতে হাঁটুর জয়েন্টে প্লেটলেটসমৃদ্ধ প্লাজমা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। এটি কিছু রোগীর ব্যথা ও জয়েন্টের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। তবে এটি ক্ষয়প্রাপ্ত কার্টিলেজ সম্পূর্ণ নতুন করে তৈরি করে না এবং সবার ক্ষেত্রে একই ফল পাওয়া যায় না।
পিআরপি চিকিৎসা কাদের জন্য উপযোগী?
পিআরপি চিকিৎসা মূলত যাদের নির্দিষ্ট ধরনের চুল পড়া, ত্বকের সমস্যা, ব্রণ বা ব্রণের দাগের সমস্যা, জয়েন্টের ব্যথা বা টিস্যুর ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয়। তবে সবার জন্য এই চিকিৎসা উপযোগী নয়। ব্যক্তির শারীরিক অবস্থা, সমস্যার ধরন এবং চিকিৎসার লক্ষ্য বিবেচনা করে বিশেষজ্ঞ পিআরপি চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন।
- যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে: বংশগত কারণে চুল পড়া বা চুলের ঘনত্ব কমে যাওয়ার নির্দিষ্ট সমস্যায় ভুগছেন এমন নারী ও পুরুষ।
- ত্বকের যত্ন ও পুনরুজ্জীবন: ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, বলিরেখা বা সূক্ষ্ম রেখা (Fine lines) কমানো এবং ত্বকের গঠন উন্নত করতে চান যারা।
- আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা: হাঁটু বা অন্যান্য জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) বা হাড় ক্ষয়জনিত ব্যথায় ভুগছেন এমন ব্যক্তি।
- স্পোর্টস ইনজুরি বা খেলোয়াড়দের চোট: খেলাধুলা বা অতিরিক্ত শরীরচর্চার কারণে লিগামেন্ট ও পেশির ইনজুরি (মচকানো বা টান পড়া) হলে।
- দীর্ঘমেয়াদী টেন্ডন ও লিগামেন্টের ইনজুরি: টেন্ডনটাইটিস (Tendinitis), যেমন— টেনিস এলবো (Tennis elbow), অ্যাকিলিস টেন্ডন সমস্যা কিংবা কাঁধের রোটর কাফ ইনজুরিতে আক্রান্ত রোগী।
- ক্ষত নিরাময়: দীর্ঘদিনের পুরনো বা সহজে ভালো হয় না এমন ত্বকের ক্ষত বা টিস্যু পুনরুদ্ধারের ক্ষেত্রে।
পিআরপি চিকিৎসা কাদের জন্য উপযুক্ত নয়?
কিছু শারীরিক অবস্থায় পিআরপি চিকিৎসা এড়িয়ে চলতে হতে পারে অথবা বিশেষ সতর্কতা প্রয়োজন হতে পারে। যেমন:
- রক্তে প্লেটলেটের পরিমাণ খুব কম থাকলে
- রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে
- রক্তের নির্দিষ্ট রোগ বা গুরুতর শারীরিক অসুস্থতা থাকলে
- রক্তস্বল্পতা বা হিমোগ্লোবিনের মাত্রা খুব কম হলে
- সক্রিয় সংক্রমণ বা জ্বর থাকলে
- চিকিৎসার স্থানে সংক্রমণ বা তীব্র প্রদাহ থাকলে
- রক্ত পাতলা করার ওষুধ বা নির্দিষ্ট কিছু ওষুধ গ্রহণ করলে
- গর্ভবতী বা স্তন্যদানকারী নারী
পিআরপি চিকিৎসার আগে করণীয়
পিআরপি চিকিৎসা শুরু করার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এতে চিকিৎসা প্রক্রিয়া সহজ হয় এবং সম্ভাব্য ঝুঁকি কমাতে সহায়তা করে। যেমন:
- ডার্মাটোলজিস্টের সঙ্গে আলোচনা করুন: ত্বক বা চুলের সমস্যা, চিকিৎসার লক্ষ্য ও প্রত্যাশিত ফল সম্পর্কে জেনে নিন।
- শারীরিক অবস্থা ও ওষুধের তথ্য জানান: রক্তের রোগ, অ্যালার্জি, চলমান ওষুধ বা গর্ভাবস্থার কথা চিকিৎসককে বলুন।
- রক্ত পাতলা করার ওষুধ ও সাপ্লিমেন্ট: অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা ফিশ অয়েলের মতো ওষুধ চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট সময় আগে বন্ধ রাখতে হতে পারে। নিজে থেকে বন্ধ করবেন না।
- প্রয়োজনে রক্তের পরীক্ষা করান: চিকিৎসক প্রয়োজন মনে করলে প্লেটলেট ও হিমোগ্লোবিন পরীক্ষা করতে বলতে পারেন।
- পর্যাপ্ত পানি পান করুন: চিকিৎসার আগের দিন ও দিনে বেশি পানি পান করলে রক্ত নেওয়া সহজ হয়।
- হালকা খাবার খেয়ে যান: খালি পেটে যাবেন না।
- ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন: চিকিৎসার কয়েক দিন আগে থেকে।
- কড়া ট্রিটমেন্ট বন্ধ রাখুন: ত্বকের জন্য রেটিনল, অ্যাসিড, স্ক্রাব ও ওয়াক্সিং কয়েক দিন আগে থেকে এড়ান।
- মেকআপ ছাড়া যান: মুখের পিআরপির ক্ষেত্রে পরিষ্কার মুখ পরিষ্কার করে যান।
- চুলের জন্য: মাথার ত্বক পরিষ্কার রাখুন এবং চিকিৎসার দিন তেল বা হেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না।
- পর্যাপ্ত বিশ্রাম নিন: চিকিৎসার আগের দিন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন।
- ফেরার ব্যবস্থা রাখুন: চিকিৎসার পর সামান্য লালচে ভাব বা ফোলা থাকতে পারে, তাই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ঠিক আগে নয়, কয়েক দিন হাতে রেখে চিকিৎসা নিন।
- পোশাক নির্বাচন: চিকিৎসার দিন সহজে যাতায়াত ও রক্ত সংগ্রহের জন্য ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক পরা উচিত।

পিআরপি চিকিৎসার পরে যা করবেন ও যা করবেন না
| চিকিৎসার ক্ষেত্র | যা করবেন | যা করবেন না |
| চুলের পিআরপি | ২৪ ঘণ্টার পর হালকা ও মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চিকিৎসকের পরামর্শমতো মাথার ত্বক পরিষ্কার রাখুন। বাইরে গেলে মাথা ঢেকে রাখুন। | প্রথম ২৪ ঘণ্টা চুল ভেজাবেন না এবং মাথায় হাত দেবেন না। ৭২ ঘণ্টা পর্যন্ত হেয়ার স্প্রে, জেল, তেল বা রাসায়নিক পণ্য ব্যবহার করবেন না। কয়েক দিন চুলে রং বা কেমিক্যাল ট্রিটমেন্ট করবেন না। |
| ব্রণের দাগে পিআরপি (মাইক্রোনিডলিংসহ) | চিকিৎসকের দেওয়া সুথিং ক্রিম বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ২৪ ঘণ্টা পর থেকে সানস্ক্রিন (SPF ৩০+) লাগান। ত্বক শুষ্ক লাগলে হালকা ময়েশ্চারাইজার বারবার লাগান। | প্রথম ২৪ ঘণ্টা মুখ ধোবেন না এবং মেকআপ করবেন না। ৭২ ঘণ্টা পর্যন্ত রেটিনল, অ্যাসিড ও স্ক্রাব ব্যবহার করবেন না। খোসা উঠলে টানবেন না, নিজে ঝরতে দিন। সরাসরি রোদে যাবেন না। |
| চোখের নিচের (ডার্ক সার্কেল) পিআরপি | চোখের নিচে হালকা হাতে চিকিৎসকের দেওয়া ক্রিম লাগান। ফোলা বা কালশিটে হলে পরিষ্কার কাপড়ে মুড়ে আলতো ঠান্ডা সেঁক দিন। বাইরে গেলে সানগ্লাস ও সানস্ক্রিন ব্যবহার করুন। | চোখের নিচে ঘষাঘষি বা চাপ দেবেন না। কয়েক দিন চোখের মেকআপ করবেন না। মাথা নিচু করে বেশিক্ষণ থাকবেন না, এতে ফোলা বাড়তে পারে। |
| ত্বক পুনরুজ্জীবন (স্কিন রেজুভেনেশন) পিআরপি | হালকা ক্লিনজার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। প্রতিদিন সানস্ক্রিন লাগান। চিকিৎসকের ফলো-আপ সেশন মেনে চলুন। | ৭২ ঘণ্টা পর্যন্ত কড়া অ্যাক্টিভ উপাদান (রেটিনল, ভিটামিন সি, অ্যাসিড) ব্যবহার করবেন না। ত্বকে খোঁটাখুঁটি করবেন না।ধূমপান ও অ্যালকোহল এড়ান। |
| হাঁটু বা জয়েন্টের পিআরপি | প্রথম ২৪-৪৮ ঘণ্টা আক্রান্ত স্থানকে বিশ্রাম দিন, তবে হালকা নড়াচড়া বজায় রাখুন। চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। | প্রথম কয়েক দিন সিঁড়ি ভাঙা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, ভারী ওজন তোলা বা দৌড়ানো বন্ধ রাখুন। ইনজেকশনের স্থানে সরাসরি বরফ বা গরম সেঁক দেবেন না। |
পিআরপি চিকিৎসার উপকারিতা
পিআরপি চিকিৎসায় রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেটসমৃদ্ধ প্লাজমা তৈরি করে নির্দিষ্ট স্থানে প্রয়োগ করা হয়। এতে থাকা গ্রোথ ফ্যাক্টর শরীরের স্বাভাবিক কোষ পুনরুদ্ধার ও টিস্যু পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করে। পিআরপি চিকিৎসার সম্ভাব্য উপকারিতাগুলো হলো:
১. চুল পড়া রোধ ও নতুন চুল গজানো: পিআরপি চুলের গোড়াকে সক্রিয় রাখতে সাহায্য করে। ফলে নির্দিষ্ট ধরনের চুল পড়ার সমস্যা কমাতে এবং চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।
২. ত্বকের পুনরুজ্জীবন ও অ্যান্টি-এজিং: ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে মুখের সূক্ষ্ম রেখা (fine lines), বলিরেখা কমে এবং ত্বক টানটান, উজ্জ্বল ও তরুণ দেখায়।
৩. ব্রণের দাগের দৃশ্যমানতা কমাতে সহায়তা: বিশেষ করে মাইক্রোনিডলিংয়ের সঙ্গে ব্যবহার করলে ব্রণের গর্ত ও অসমান ত্বকের গঠন উন্নত করে।
৪. সূক্ষ্ম বলিরেখা কমাতে সহায়ক: ত্বকের গঠন ও স্থিতিস্থাপকতা উন্নত করে সূক্ষ্ম বলিরেখার দৃশ্যমানতা কমাতে পারে।
৫. ক্ষত নিরাময়ে সহায়ক: নির্দিষ্ট কিছু দীর্ঘস্থায়ী ক্ষতের টিস্যু পুনর্গঠন ও নিরাময় প্রক্রিয়ায় সহায়তা করতে পারে।
৬. হাঁটুর ব্যথা কমাতে সহায়তা: হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে কিছু রোগীর ব্যথা কমাতে এবং জয়েন্টের কার্যক্ষমতা উন্নত করতে পারে।
৭. নিজের রক্ত ব্যবহার করা হয়: রোগীর নিজের রক্ত থেকে পিআরপি তৈরি করা হয় বলে অন্যের রক্তের উপাদানজনিত অ্যালার্জি বা রোগ প্রতিরোধজনিত প্রতিক্রিয়ার ঝুঁকি কম থাকে।
৮. সার্জারি ছাড়াই প্রয়োগ করা যায়: সাধারণত ইনজেকশন বা মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়; বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।
পিআরপি চিকিৎসা চুল পড়া, ত্বকের গুণগত মান উন্নয়ন এবং ব্রণের দাগের মতো সমস্যায় সহায়ক ভূমিকা পালন করে। তবে সবার ক্ষেত্রে এর কার্যকারিতা এক রকম নয়। রোগীর বয়স, শারীরিক অবস্থা, সমস্যার ধরন ও তীব্রতা এবং পিআরপি তৈরির পদ্ধতির ওপর চিকিৎসার ফলাফল নির্ভর করে। তাই পিআরপি চিকিৎসা নেওয়ার আগে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শে ত্বক বা চুলের সমস্যা সঠিকভাবে নির্ণয় করা জরুরি। রোগীর জন্য পিআরপি উপযুক্ত কি না, কতটি সেশন প্রয়োজন এবং প্রত্যাশিত ফলাফল কেমন হতে পারে, এসব বিষয় মূল্যায়ন করেই ব্যক্তিভিত্তিক চিকিৎসার পরিকল্পনা করা উচিত।
— শশী ডার্মাটোলজিস্ট টিম
পিআরপি চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া ও ঝুঁকি
পিআরপি নিজের রক্ত থেকে তৈরি হওয়ায় সাধারণত নিরাপদ ধরা হয় এবং গুরুতর জটিলতা বিরল। তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া
- ইনজেকশনের ব্যথা বা অস্বস্তি: ইনজেকশন দেওয়ার স্থানে সাময়িক ব্যথা বা অস্বস্তি হতে পারে।
- ফোলা ও লালচে ভাব: চিকিৎসার স্থানে হালকা ফোলা বা লালচে ভাব দেখা দিতে পারে।
- কালশিটে দাগ: ইনজেকশনের কারণে ত্বকে সাময়িক সামান্য কালশিটে দাগ তৈরি হতে পারে।
- চুলকানি বা জ্বালাপোড়া: চিকিৎসার স্থানে সাময়িক চুলকানি বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে।
- ত্বকের সংবেদনশীলতা: বিশেষ করে মুখে পিআরপি বা মাইক্রোনিডলিংয়ের পর ত্বক কিছুটা সংবেদনশীল হতে পারে।
পিআরপি চিকিৎসার সম্ভাব্য ঝুঁকি
- সংক্রমণ: জীবাণুমুক্ত পরিবেশ ও সরঞ্জাম ব্যবহার না করলে চিকিৎসার স্থানে সংক্রমণ হতে পারে।
- রক্তপাত: ইনজেকশনের স্থানে সামান্য রক্তপাত হতে পারে।
- স্নায়ু বা রক্তনালির ক্ষতি: ভুল পদ্ধতিতে ইনজেকশন প্রয়োগ করলে আশপাশের স্নায়ু বা রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
- স্নায়ুর ক্ষতি: ভুলভাবে বা অসাবধানতাবশত সুঁই প্রয়োগের কারণে আশেপাশের স্নায়ুতে চাপ পড়তে বা ক্ষতি হতে পারে।
- প্রত্যাশিত ফল না পাওয়া: সবার ক্ষেত্রে পিআরপি চিকিৎসার ফল একই হয় না। কারও ক্ষেত্রে প্রত্যাশিত উন্নতি নাও দেখা যেতে পারে।
পিআরপি চিকিৎসায় কতটি সেশন প্রয়োজন?
সেশনের সংখ্যা নির্ভর করে সমস্যার ধরন, মাত্রা ও ত্বক বা চুলের অবস্থার ওপর। সাধারণ ধারণা নিচে দেওয়া হলো।
| চিকিৎসার ক্ষেত্র | সাধারণ সেশন সংখ্যা | সেশনের ব্যবধান |
| চুল | ৪-৬টি বা তার বেশি | ২-৪ সপ্তাহ পর পর |
| ব্রণের দাগ | ৩-৪টি বা তার বেশি | ২-৪ সপ্তাহ পর পর |
| স্কিন রেজুভেনেশন | ৩-৪টি বা তার বেশি | ২-৪ সপ্তাহ পর পর |
| ডার্ক সার্কেল | ৩-৪টি বা তার বেশি | ২-৪ সপ্তাহ পর পর |
| হাঁটু বা জয়েন্ট | ১-৩টি | ২-৪ সপ্তাহ পর পর (প্রয়োজনে) |
প্রতিটি সেশন সাধারণত ৪৫-৬০ মিনিটের হয়ে থাকে। ফল ধীরে ধীরে আসে, তাই কয়েক সপ্তাহ থেকে মাস লাগতে পারে।
সেশনের সংখ্যা, ব্যবধান ও কত দিনে ফল আসবে, এসব ব্যক্তিভেদে এবং চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠানভেদে আলাদা হয়। তাই সরাসরি একজন ডার্মাটোলজিস্ট বা বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং আপনার যা যা প্রশ্ন আছে, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিন।

বাংলাদেশে পিআরপি চিকিৎসার খরচ কত?
পিআরপি চিকিৎসার খরচ সবার জন্য একই হয় না। চুল পড়া, ব্রণের দাগ, স্কিন রেজুভেনেশন, ডার্ক সার্কেল বা হাঁটু ও জয়েন্টের সমস্যা, কোন সমস্যার জন্য চিকিৎসা নেওয়া হচ্ছে, তার ওপর খরচ নির্ভর করে। পাশাপাশি চিকিৎসার স্থানের পরিমাণ, সমস্যার মাত্রা, প্রয়োজনীয় সেশনের সংখ্যা, ব্যবহৃত কিট ও যন্ত্রের মান এবং চিকিৎসক ও প্রতিষ্ঠানভেদেও খরচ আলাদা হয়ে থাকে, যেমন- সাধারণ প্রাইভেট চেম্বার ও ক্লিনিক, বিশেষায়িত পেইন ক্লিনিক এবং কর্পোরেট ও বড় হাসপাতাল। অনেক ক্ষেত্রে চিকিৎসার সঙ্গে মাইক্রোনিডলিং বা অন্য সহায়ক চিকিৎসা যুক্ত হলে খরচ কিছুটা বাড়তে পারে। তাই নিচের খরচ একটি আনুমানিক ধারণা মাত্র। নিজের ত্বক বা চুলের অবস্থা দেখে ডার্মাটোলজিস্ট সঠিক পরিকল্পনা ও খরচ জানাতে পারবেন।
পিআরপি চিকিৎসার আনুমানিক খরচ (প্রতি সেশন) ঢাকা, বাংলাদেশ:
| চিকিৎসার ক্ষেত্র | আনুমানিক খরচ (প্রতি সেশন) |
| চুলে পিআরপি | ৳৩,০০০ – ৳১০,০০০ |
| ব্রণের দাগে পিআরপি | ৳৩,০০০ – ৳১০,০০০ |
| স্কিন রেজুভেনেশন পিআরপি | ৳৩,০০০ – ৳১০,০০০ |
| ডার্ক সার্কেল (চোখের নিচের) পিআরপি | ৳৩,০০০ – ৳১০,০০০ |
| হাঁটু বা জয়েন্টের পিআরপি | ৳৮,০০০ – ৳১৫,০০০ |
ঢাকায় পিআরপি চিকিৎসা কোথায় নেবেন?
ঢাকায় পিআরপি চিকিৎসা নেওয়ার জন্য ত্বক ও চুলের বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট আছেন, এমন হাসপাতাল বা স্কিন কেয়ার সেন্টার বেছে নেওয়া উচিত। এ ক্ষেত্রে শশী হাসপাতাল স্কিন কেয়ার একটি নির্ভরযোগ্য বিকল্প, যেখানে অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের তত্ত্বাবধানে চুল পড়া, ব্রণের দাগ, ত্বক পুনরুজ্জীবন ও ডার্ক সার্কেলের জন্য পিআরপি চিকিৎসা নেওয়া যায়। এছাড়া অবাঞ্ছিত লোম, পিগমেন্টেশন, ওপেন পোরস ও জন্মদাগসহ ত্বকের বিভিন্ন সমস্যায়ও চিকিৎসা দেওয়া হয়।
📍 শশী হাসপাতাল স্কিন কেয়ার-এর ঠিকানা
শশী হাসপাতাল স্কিন কেয়ার, ৩য় তলা (লিফট-২), ১২২ প্রিয়াঙ্গন ফয়জুন্নেসা বিজনেস সেন্টার, কাকরাইল রোড (শান্তিনগর বাজারের বিপরীতে), ঢাকা, বাংলাদেশ, ১২১৭।
কোন কোন এলাকা থেকে সহজে আসা যায়
শান্তিনগর, পল্টন, শান্তিবাগ, মতিঝিল, নিউ ইস্কাটন, মগবাজার, রামপুরা, বাড্ডা, সেগুনবাগিচা, কমলাপুর, মধুবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যারা থাকেন বা বিশ্বস্ত স্কিন কেয়ার সেন্টার খুঁজছেন, তারা কম সময়ের মধ্যে খুব সহজেই শশী হাসপাতাল স্কিন কেয়ারে এসে ত্বকের বিভিন্ন সমস্যার চিকিৎসা নিতে পারবেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে এসেও চিকিৎসা নিতে পারবেন।
পিআরপি চিকিৎসা নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
১. পিআরপি চিকিৎসা কী?
পিআরপি (PRP) হলো এমন একটি চিকিৎসাপদ্ধতি, যেখানে রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেটসমৃদ্ধ প্লাজমা আলাদা করে শরীরের নির্দিষ্ট স্থানে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। এটি চুল পড়া, ত্বকের যত্ন, ব্রণের দাগ এবং জয়েন্টের সমস্যায় ব্যবহার করা হয়।
২. পিআরপি চিকিৎসা কি ব্যথাদায়ক?
পিআরপি চিকিৎসা সাধারণত খুব বেশি ব্যথাদায়ক নয়, তবে ইনজেকশন দেওয়ার সময় ও পরবর্তী কয়েক দিন হালকা থেকে মাঝারি অস্বস্তি বা ব্যথা হতে পারে।
চিকিৎসা চলাকালীন অনুভূতি
১. সুঁইয়ের খোঁচা: রক্ত নেওয়া এবং নির্দিষ্ট স্থানে পিআরপি ইনজেকশন দেওয়ার সময় সুঁইয়ের সামান্য চিনচিনে ব্যথা বা চাপ অনুভূত হতে পারে।
২. অবশ করার ব্যবস্থা: ব্যথা কমাতে চিকিৎসক অনেক ক্ষেত্রে অ্যানেস্থেটিক (অবশ করার ক্রিম বা ইনজেকশন) ব্যবহার করেন, ফলে প্রক্রিয়াটি সহজেই সহ্য করা যায়।
চিকিৎসার পর ব্যথা ও অস্বস্তি
১. সাময়িক ব্যথা ও ফোলা: পিআরপি ইনজেকশন দেওয়ার পর চিকিৎসার স্থানে হালকা ব্যথা, ফোলা বা টানটান ভাব হতে পারে। সাধারণত ১–কয়েক দিনের মধ্যে এগুলো কমে যায়।
২. ব্যথার মাত্রা: শরীরের কোন স্থানে চিকিৎসা করা হয়েছে এবং ব্যক্তিভেদে ব্যথা সহ্য করার ক্ষমতার ওপর অস্বস্তির মাত্রা নির্ভর করে। তাই কারও সামান্য, আবার কারও তুলনামূলক বেশি ব্যথা হতে পারে।
৩. পিআরপি চিকিৎসা করতে কত সময় লাগে?
সাধারণত একটি পিআরপি সেশন সম্পন্ন করতে প্রায় ৩০–৬০ মিনিট সময় লাগতে পারে। তবে রক্ত সংগ্রহ, পিআরপি তৈরি এবং প্রয়োগের পদ্ধতি অনুযায়ী সময় কম-বেশি হতে পারে।
৪. পিআরপি চিকিৎসার পর কতদিনে নতুন চুল দেখা যায়?
পিআরপি চিকিৎসার পর ফলাফল বুঝতে সাধারণত কয়েক মাস সময় লাগে। অনেক ক্ষেত্রে ৩–৬ মাসের মধ্যে চুলের ঘনত্ব বা বৃদ্ধিতে পরিবর্তন দেখা যেতে পারে। তবে ফলাফল ব্যক্তি ও চুল পড়ার ধরনের ওপর নির্ভর করে।
৫. পিআরপি ফেসিয়াল করলে কি ত্বক উজ্জ্বল হয়?
হ্যাঁ, পিআরপি ফেসিয়াল ত্বকের গঠন ও গুণগত মান উন্নত করে ত্বক আরও মসৃণ, সতেজ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। তবে ফলাফল সবার ক্ষেত্রে এক রকম হয় না।
কীভাবে কাজ করে এবং কী উপকার পাওয়া যায়?
১. ত্বকের উজ্জ্বলতা: ত্বকের স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করে নিষ্প্রভ ভাব কমাতে পারে।
২. কোলাজেন উৎপাদনে সহায়তা: কোলাজেন তৈরির প্রক্রিয়াকে উদ্দীপিত করে ত্বকের মসৃণতা ও স্থিতিস্থাপকতা উন্নত করতে পারে।
৩. বলিরেখা ও ব্রণের দাগ: সূক্ষ্ম বলিরেখা, কিছু ধরনের ব্রণের দাগ এবং ত্বকের অমসৃণ গঠন কমাতে সহায়তা করতে পারে।
৬. পিআরপি চিকিৎসা কি নিরাপদ?
সঠিক নিয়মে এবং জীবাণুমুক্ত পরিবেশে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পিআরপি চিকিৎসা করালে সাধারণত এটি নিরাপদ।
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া
ইনজেকশন দেওয়ার পর হালকা ও ক্ষণস্থায়ী কিছু উপসর্গ দেখা দিতে পারে, যা সাধারণত কয়েক দিনের মধ্যে সেরে যায়:
১. ইনজেকশন দেওয়ার স্থানে ব্যথা বা অস্বস্তি
২. হালকা ফোলাভাব বা লালচে ভাব
৩. সামান্য রক্তজমা বা ক্ষত
৪. রক্ত নেওয়ার সময় বা পরে হালকা মাথা ঘোরা
৭. পিআরপি চিকিৎসায় কতটি সেশন লাগে?
পিআরপি চিকিৎসায় সেশনের সংখ্যা সমস্যার ধরন, তীব্রতা এবং রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। চুলের চিকিৎসায় সাধারণত প্রাথমিক পর্যায়ে ৪–৬টি সেশন বা তার বেশি লাগতে পারে। ত্বক বা জয়েন্টের চিকিৎসায় সেশনের সংখ্যা ভিন্ন হতে পারে।
৮. পিআরপি চিকিৎসার খরচ কত?
বাংলাদেশে পিআরপি চিকিৎসার খরচ সাধারণত প্রতি সেশনে৩,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, যা চিকিৎসার ধরন ও ক্লিনিকের ওপর নির্ভর করে।
১. চুলের পিআরপি (Hair PRP): প্রতি সেশনে প্রায় ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। সাধারণত ৪ থেকে ৬টি সেশনের প্রয়োজন হয়।
২. ত্বকের পিআরপি (PRP Facial): প্রতি সেশনে প্রায় ৩,০০০ থেকে ১০,০০০ টাকা।
৩. হাঁটু বা জয়েন্টের ব্যথায় পিআরপি: প্রতি ইনজেকশনে প্রায় ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা।
