চোখের নিচে কালো দাগ দূর করার উপায়– বাদামি দাগে সানস্ক্রিন, ভিটামিন সি বা নায়াসিনামাইডের মতো স্কিনকেয়ার উপাদান এবং প্রয়োজনে ডার্মাটোলজিক্যাল পিল বা স্কিন অ্যানাটমি সম্পর্কে অভিজ্ঞ স্কিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে লেজার ট্রিটমেন্টে ভালো ফলাফল পাওয়া যায়। নীলচে ছায়ার ক্ষেত্রে নিয়মিত ও সময়মতো ঘুমানো, অ্যালার্জি নিয়ন্ত্রণ ও বরফের ঠান্ডা সেক সাময়িকভাবে স্কিনের সৌন্দর্যে ভূমিকা রাখে। তবে চোখের নিচে গর্ত হলে ফিলার বা পিআরপির মতো স্কিন রেজুভেনেশন চিকিৎসা সক্রিয় ভূমিকা পালন করে।
চোখের নিচে কালো দাগের চিকিৎসা সম্পূর্ণই নির্ভর করে দাগের ধরণের ওপর। তাই সঠিক চিকিৎসা পদ্ধতির জন্য প্রথমত দাগের প্রকৃত কারণ শনাক্ত করা জরুরি।
আপনার দাগ কোন ধরনের, তা ঘরে বসে প্রাথমিকভাবে বুঝতে পড়ুন ডার্ক সার্কেলের ধরন, কারণ ও চিকিৎসার গাইড। চোখের নিচে কালো দাগ কেন হয়, বিস্তারিত জানতে পড়ুন: চোখের নিচে কালো দাগ কেন হয়? ১০টি কারণ । এই ব্লগে আপনি জানতে পারবেন চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায় থেকে শুরু করে, চোখের নিচে কালো দাগ দূর করার ভালো আই ক্রিম, সিরাম ও আধুনিক চিকিৎসা সম্পর্কে।।
১. চোখের নিচে কালো দাগ দূর করার আধুনিক চিকিৎসা
চোখের নিচের কালো দাগের ধরন অনুযায়ী আধুনিক চিকিৎসায় ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন: হালকা বাদামি দাগে মৃদু কেমিক্যাল পিল বা নির্দিষ্ট লেজার পদ্ধতি, চোখের নিচের গর্ত ও ছায়ায় ফিলার বা পিআরপি (PRP), আর রক্তনালির কারণে হওয়া নীলচে দাগে রক্তনালিকে লক্ষ্য করা লেজার সহায়ক হতে পারে।
তবে আপনার ত্বকের জন্য কোন চিকিৎসাটি নিরাপদ ও উপযোগী, তা একজন চর্মরোগ বিশেষজ্ঞ চোখের নিচে কালোর দাগের প্রকৃত কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসাটি নির্বাচন করবেন।
চোখের নিচে কালো দাগ দূর করার উপায়: Under Eye PRP Treatment (চোখের নিচে পিআরপি)
পিআরপি হলো নিজের রক্ত থেকে তৈরি প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা, যা চোখের নিচের ত্বকে ইনজেকশনের মাধ্যমে বা কখনো মাইক্রোনিডলিংয়ের সঙ্গে প্রয়োগ করা হয়। এটি ত্বকের গুণমান, পুরুত্ব ও রঙে ধীরে ধীরে উন্নতি আনতে সাহায্য করতে পারে, বিশেষ করে ত্বক পাতলা ও নিস্তেজ হলে। তবে এটি সব ধরনের ডার্ক সার্কেলের সমাধান নয় এবং ফিলারের মতো তাৎক্ষণিক ফল দেয় না।
প্রথমে হাতের কনুইয়ের কাছের শিরা থেকে সামান্য রক্ত নেওয়া হয়। বিশেষ মেশিনে সেই রক্ত ঘুরিয়ে (সেন্ট্রিফিউজ করে) প্লেটলেট-সমৃদ্ধ অংশ আলাদা করা হয়। এরপর চোখের নিচে অবশকারী ক্রিম লাগিয়ে সেই প্লাজমা প্রয়োগ করা হয়। প্লেটলেটে থাকা গ্রোথ ফ্যাক্টর ত্বকের মেরামত ও কোলাজেন তৈরিতে সাহায্য করে বলে মনে করা হয়। তাই ত্বকের রুক্ষতা ও নিস্তেজ ভাব কমতে পারে এবং হালকা পিগমেন্টেশন বা ক্লান্তির ছাপ কিছুটা কম চোখে পড়তে পারে। নিজের রক্ত ব্যবহার হয় বলে অ্যালার্জির ঝুঁকিও কম।
এই চিকিৎসা পদ্ধতিতে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য একাধিক সেশনের প্রয়োজন হয় এবং ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন মেয়াদে হয়ে থাকে। চিকিৎসা পরবর্তী কয়েক দিন চোখের নিচে হালকা ফোলা, কালশিটে বা লালচে ভাব দেখা দিতে পারে।। গর্ভাবস্থা, রক্তের রোগ, রক্ত পাতলা করার ওষুধ বা সক্রিয় সংক্রমণ থাকলে এই চিকিৎসা গ্রহণ না করা উত্তম। বিস্তারিত জানুন: পিআরপি চিকিৎসা সম্পর্কে।
Laser Treatment for Dark Circles
ডার্ক সার্কেলের চিকিৎসায় লেজার ভিন্ন ভিন্নভাবে কাজ করতে পারে। যেমন: পিকোসেকেন্ড বা Q-Swithced Nd:YAG লেজার ত্বকে জমে থাকা অতিরিক্ত মেলানিন ভেঙে দিতে সাহায্য করে, নির্দিষ্ট কিছু লেজার রক্তনালিকে লক্ষ্য করে কাজ করে, আর ফ্র্যাকশনাল লেজার কোলাজেন গঠনে সহায়তা করে ত্বকের টেক্সচার বা গঠন উন্নত করতে পারে। উপযুক্ত লেজার ও সঠিক সেটিং বেছে নিলে তুলনামূলক দ্রুত ফল পাওয়া যেতে পারে, তবে কালো দাগ শতভাগ বা পুরোপুরি মুছে যাবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না।
সকল ডার্ক সার্কেলে লেজার চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা নিরাপদ নয়। কারণ- কালো দাগ ও ত্বকের ধরন না বুঝে লেজার দিলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। এই কারণে লেজারের আগে সঠিক কারণ যাচাই করা অত্যাবশ্যাক।
- গাঢ় ত্বকে সতর্কতা: ভুল সেটিংয়ে ত্বকে নতুন কালচে দাগ (পোস্ট-ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন) পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশী অনেকের ত্বক মাঝারি থেকে গাঢ়, তাই অভিজ্ঞ চিকিৎসক জরুরি।
- চোখের সুরক্ষা: চোখের খুব কাছাকাছি লেজার প্রয়োগ করার সময় চোখকে সুরক্ষিত রাখতে বিশেষ আই শিল্ড (Eye shield) ব্যবহার করা হয়।
- সেশন: কাঙ্ক্ষিত ফলাফলের জন্য সাধারণত একাধিক সেশনের প্রয়োজন হয় এবং উন্নতির মাত্রা অনেক ক্ষেত্রে আংশিক থাকে।
- পরের যত্ন: চিকিৎসা পরবর্তী কয়েক সপ্তাহ সরাসরি রোদ এড়িয়ে চলা এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা জরুরি।
বিস্তারিত পড়ুন: লেজার চিকিৎসা এবং চোখের নিচে পিগমেন্টেশনের লেজার চিকিৎসা।
Chemical Peeling for Dark Circles (কেমিক্যাল পিলিং)
চোখের নিচের কালো দাগে কেবল খুব হালকা বা সুপারফিসিয়াল (Superficial) কেমিক্যাল পিল নিরাপদভাবে ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে সাধারণত ল্যাকটিক অ্যাসিড (Lactic acid), ম্যান্ডেলিক অ্যাসিড (Mandelic acid) বা কম শক্তির গ্লাইকোলিক অ্যাসিড (Glycolic acid) বেছে নেওয়া হয়। হালকা বাদামি বা পিগমেন্টেশনজনিত দাগে এই পদ্ধতি সহায়ক হতে পারে, তবে চোখের নিচের গর্ত বা ছায়ার কারণে তৈরি হওয়া কালচে ভাবে এটি কাজ করে না।
কেমিক্যাল পিলিং কিভাবে কাজ করে?
- কেমিক্যাল পিল ত্বকের ওপরের মৃত ও অতিরিক্ত রঙিন কোষগুলো নিয়ন্ত্রিতভাবে দূর করে নতুন কোষের বৃদ্ধিতে সাহায্য করে।
- চোখের নিচের ত্বক অত্যন্ত পাতলা ও সংবেদনশীল হওয়ায় এই চিকিৎসা সব সময় অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করানো উচিত। কয়েক সপ্তাহ বিরতি দিয়ে ধাপে ধাপে একাধিক সেশন নেওয়া হয়।
- চোখের কাছাকাছি জায়গায় বাড়িতে নিজে থেকে কেমিক্যাল পিল ব্যবহার করলে জ্বালাপোড়া বা ত্বকের ক্ষতির মতো ঝুঁকি তৈরি হতে পারে।
- পিলিংয়ের আগে ও পরে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি, যাতে রোদের প্রভাবে ত্বকে জ্বালা বা নতুন করে কালচে দাগ না পড়ে।
ডার্মাল ফিলার (Dermal Fillers)
চোখের নিচের গর্ত বা ভলিউম কমে যাওয়ার কারণে যে ছায়া পড়ে, তা কমাতে ডার্মাল ফিলার বিশেষ করে হায়ালুরোনিক অ্যাসিড ফিলার কাজে আসতে পারে। চোখের নিচের খাঁজে প্রয়োজনীয় ভলিউম যোগ করলে ত্বকের স্তর কিছুটা সমতল হয়, ফলে আলো পড়ে তৈরি হওয়া অন্ধকার ছায়া কম চোখে পড়ে।
- কার্যকারিতা: বয়স, চর্বি কমে যাওয়া বা গর্তের কারণে তৈরি ডার্মাল বা স্ট্রাকচারাল ডার্ক সার্কেলে এটি ভালো উন্নতি দিতে পারে। তবে শুধু মেলানিন বা পিগমেন্টেশনের কারণে হওয়া কালচে দাগে এটি প্রধান সমাধান নয়।
- কারা উপযুক্ত: যাঁদের চোখের নিচে স্পষ্ট গর্ত বা ভলিউম লস আছে এবং চিকিৎসক পরীক্ষা করে এই পদ্ধতিকে নিরাপদ ও উপযোগী মনে করেন।
- ঝুঁকি ও সীমাবদ্ধতা: চিকিৎসা শেষে সাময়িক ফোলাভাব, কালশিটে দাগ, সামান্য অসমতা বা ত্বকের নিচে হালকা নীলচে আভা (Tyndall effect) দেখা দিতে পারে, এবং এর ফল স্থায়ী নয়। অত্যন্ত বিরল ক্ষেত্রে রক্তনালিতে বাধা সৃষ্টি হয়ে দৃষ্টিশক্তির মতো গুরুতর জটিলতাও হতে পারে। তাই চোখের চারপাশের এমন সংবেদনশীল জায়গায় অভিজ্ঞ চিকিৎসকের হাতে নিরাপদ পরিবেশে চিকিৎসা করানো জরুরি।
জানুন: ডার্মাল ফিলার ও বোটক্সের মধ্যে পার্থক্যের বিষয়াবলী সম্পর্কে।
২. ঘরে বসে চোখের নিচে কালো দাগ দূর করার উপায়
ঘরোয়া উপায়ে মূলত চোখের ফোলাভাব ও নীলচে আভা সাময়িকভাবে কমে। বাদামি দাগ বা গর্তের ছায়া এতে প্রায় বদলায় না। তাই এগুলোকে চিকিৎসার বিকল্প নয়, সহায়ক যত্ন হিসেবে দেখুন।
- শসা: ফ্রিজে ঠান্ডা করা শসার পুরু স্লাইস ১০ মিনিট চোখের ওপর রাখলে চোখের চারপাশের ত্বকে আরাম পাওয়া যায় ও ফোলা কমে। তবে কালো দাগ দূর করার কার্যকারিতার প্রমাণ সীমিত।
- ঠান্ডা সেঁক (Cold Compress): পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে চোখের নিচে ৫–১০ মিনিট রাখুন। এটি সাময়িকভাবে চোখের ফোলাভাব এবং কালো দাগ কমিয়ে চোখকে সতেজ দেখাতে সাহায্য করে।
- পর্যাপ্ত ঘুম (Adequate Sleep): প্রতিদিন ৭–৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের নিচে ক্লান্তি ও কালচে ভাব বেশি দৃশ্যমান হতে পারে।
- পর্যাপ্ত পানি পান (Hydration): শরীরে পানির ঘাটতি থাকলে চোখের নিচের ত্বক কিছুটা শুষ্ক ও ক্লান্ত দেখাতে পারে। তাই প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ গ্লাস পানি পান করুন।
- গ্রিন টি ব্যাগ: ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে ঠান্ডা করে চোখে রাখা যায়। ঠান্ডা ভাবটাই এখানে আসল সুবিধা। গরম অবস্থায় কখনো চোখে রাখবেন না।

চোখের কালো দাগ কমাতে কিচেনে থাকা রান্নার উপাদান- লেবুর রস, বেকিং সোডা বা আপেল সিডার ভিনেগারের মতো উপাদান চোখের নিচে ব্যবহার করবেন না। এগুলো ত্বকে জ্বালাপোড়া ও প্রদাহ সৃষ্টি করে কালো দাগ আরও বাড়িয়ে দিতে পারে। ঘরে বসে সঠিক উপায়ে কালো দাগ কমানোর জন্য এই গাইডটি পড়ুন: চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়: কোনটা কাজ করে, কোনটা করে না।
৩. স্কিনকেয়ার দিয়ে চোখের নিচের কালো দাগ কমানোর উপায়
নিয়মিত স্কিনকেয়ার হালকা বাদামি দাগ কিছুটা কমাতে এবং নতুন দাগ পড়া ঠেকাতে পারে। এ জন্য দরকার সকালে সানস্ক্রিন, দাগের ধরন অনুযায়ী একটি কার্যকর স্কিন ক্রিমের উপাদান এবং ধৈর্য। কারণ যেকোন চিকিৎসায় একদিনে ফলাফল পাওয়া যায় না, সাধারণত ৮-১২ সপ্তাহ নিয়ম মেনে চলার পর পরিবর্তন বোঝা যায়।
ডার্ক সার্কেল দূর করার সেরা আই ক্রিম কোনটি?
চোখের নিচের কালো দাগ কমাতে কিছু নির্দিষ্ট স্কিন কেয়ার উপাদান সহায়ক হতে পারে। তবে সবার জন্য সেরা কোনো একটি আই ক্রিম নেই। সেরা ক্রিম সেটিই হবে, যার উপাদান আপনার দাগের ধরনের সঙ্গে মেলে এবং যেটি আপনার ত্বকে জ্বালা করে না। সব উপাদান সব ধরনের ডার্ক সার্কেলে সমানভাবে কাজ করে না।
যেমন- পিগমেন্টেশনের কারণে হওয়া কালচে দাগে Vitamin C বা Azelaic Acid উপকারী হতে পারে, আবার শুষ্কতা ও ফাইন লাইনের কারণে চোখের নিচে ক্লান্তভাব দেখালে Hyaluronic Acid সহায়ক হতে পারে। (যেকোন প্রোডাক্ট ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ সাপেক্ষে)

চোখের নিচে কালো দাগের জন্য ব্যবহৃত আই ক্রিম মুখের সাধারণ ক্রিমের চেয়ে এসব পণ্য সাধারণত নরম করে বানানো হয়। কারণ-শরীরের অনান্য ত্বকের তুলনায় চোখের নিচের ত্বক অত্যন্ত পাতলা ও সংবেদনশীল। কোন উপাদান কী কাজ করে, নিম্নে বিস্তারিত দেখুন:
- Vitamin C: অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পিগমেন্টেশনের কারণে তৈরী হওয়া বাদামি ডার্ক সার্কেল হালকা করতে সহায়তা করতে পারে। সকালে চোখের চারপাশের জন্য তৈরি Vitamin C সিরাম অল্প পরিমাণে ব্যবহার করুন। এরপর সানস্ক্রিন লাগান।
- Niacinamide: ত্বকের পিগমেন্টেশন ও অসম রঙ কমাতে সহায়ক হতে পারে। সংবেদনশীল ত্বকে কম ঘনত্বের Niacinamide-যুক্ত আই ক্রিম বা সিরাম ব্যবহার করা যেতে পারে।
- Caffeine: চোখের নিচে সাময়িক ফোলাভাব বা পাফিনেস থাকলে Caffeine-যুক্ত আই সিরাম কিছুটা উপকার দিতে পারে। সকালে পরিষ্কার ত্বকে ব্যবহার করুন। তবে এটি পিগমেন্টেশন দূর করার চিকিৎসা নয়।
- Retinol: কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বক পুরু ও মজবুত করে। বয়সজনিত ফাইন লাইন ও ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করতে পারে। চোখের চারপাশের জন্য তৈরি কম ঘনত্বের Retinol পণ্য রাতে অল্প পরিমাণে ব্যবহার করুন। জ্বালাপোড়া বা শুষ্কতা হলে ব্যবহার বন্ধ করুন। গর্ভাবস্থায় Retinoid ব্যবহার এড়িয়ে চলুন।
- Hyaluronic Acid: চোখের নিচের শুষ্কতা ও পানিশূন্যতার কারণে তৈরি ক্লান্ত চেহারা কম দৃশ্যমান করতে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সামান্য ভেজা ত্বকে লাগিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- Azelaic Acid: পিগমেন্টেশনজনিত কালচে দাগ কমাতে সহায়তা করতে পারে। তবে চোখের চারপাশের ত্বক সংবেদনশীল হওয়ায় এই উপাদান সরাসরি চোখের খুব কাছে ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিন।
আই ক্রিম কেনার আগে এই পাঁচটি বিষয় দেখে নিন:
- পণ্যে চোখের চারপাশে ব্যবহারযোগ্য বলে লেখা আছে কি না।
- সুগন্ধি ও অ্যালকোহলমুক্ত কি না, কারণ এগুলো চোখের নিচে জ্বালা ধরাতে পারে।
- উপাদানের পূর্ণ তালিকা আছে কি না। তালিকা না থাকলে পণ্যটি এড়ানো ভালো।
- পণ্যটির উৎস। স্টেরয়েডযুক্ত অচেনা ক্রিম চোখের নিচে ব্যবহার করবেন না, কারণ এতে ত্বক আরও পাতলা হয় ও রক্তনালী বেশি ফুটে ওঠে।
নতুন পণ্য মুখে লাগানোর আগে প্যাচ টেস্ট করুন, হাতের ভাঁজে বা কানের পেছনে দুই-তিন দিন পরীক্ষা করুন।
চোখের নিচে কালো দাগ দূর করার জন্য কোন সিরাম ভালো?
বাদামি দাগে ভিটামিন সি বা নায়াসিনামাইড সিরাম ত্বকের জন্য তুলনামূলকভাবে ভালো। ফোলা ও নীলচে ভাবে ক্যাফেইনযুক্ত সিরাম সাময়িক স্বস্তি প্রদান করতে পারে। কিন্তু মুখের সব সিরাম চোখের নিচে লাগানো নিরাপদ নয়।
সিরাম সাধারণত হালকা ও দ্রুত ত্বকে মিশে যায়, তাই তৈলাক্ত বা মিশ্র ত্বকে এটি বেশি আরামদায়ক। শুষ্ক ত্বকে বা রাতে ব্যবহারের জন্য ক্রিম বেশি মানানসই। সিরামের পর একটি নরম ময়েশ্চারাইজার লাগালে জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনা কমে। একসঙ্গে অনেক নতুন পণ্য শুরু না করে একটি করে যোগ করুন, তাহলে কোনটিতে সমস্যা হচ্ছে বোঝা সহজ হয়।
Vitamin C কি ডার্ক সার্কেল কমায়?
হ্যাঁ, ভিটামিন সি বাদামি বা পিগমেন্টেশনজনিত ডার্ক সার্কেলের ক্ষেত্রে সামান্য থেকে মাঝারি মাত্রায় ধীরে ধীরে উজ্জ্বল করতে সহায়ক হতে পারে, তবে রক্তনালীর কারণে সৃষ্ট নীলচে ভাব কিংবা চোখের নিচের গঠনগত গর্ত বা ভলিউম লসের ছায়ায় ভিটামিন সি এর কার্যকারীতা খুবই সীমিত। আর এর ফলাফল সাধারণত মৃদু এবং ধীরগতির হয়।
কিভাবে কাজ করে?
ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অতিরিক্ত মেলানিন তৈরির প্রক্রিয়াকে কিছুটা ধীর করতে সাহায্য করে। এছাড়া এটি ত্বকের কোলাজেন সাপোর্ট বজায় রাখতে ও সূর্যালোকজনিত অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়ক হতে পারে। ত্বকে লাগানোর পণ্যে ভিটামিন সি দুই রকম ফর্মে থাকে।
- এল-অ্যাসকরবিক অ্যাসিড (L-Ascorbic Acid): এটি বহুল ব্যবহৃত উপাদান হলেও চোখের চারপাশের পাতলা ও সংবেদনশীল ত্বকে এতে জ্বালাপোড়া বা ইরিটেশনের ঝুঁকি বাড়াতে পারে।
- ডেরিভেটিভ ফর্ম (যেমন: Sodium Ascorbyl Phosphate বা Magnesium Ascorbyl Phosphate): সংবেদনশীল ত্বকের জন্য অনেক ক্ষেত্রে এসব ডেরিভেটিভ বেছে নেওয়া হয়, যদিও ফর্মুলেশন অনুযায়ী কার্যকারিতার মাত্রা ভিন্ন হতে পারে।
ব্যবহারের নিয়ম: সকালে মুখ ধোয়ার পর চোখের নিচে অল্প একটু লাগান, তার ওপর সানস্ক্রিন দিন। শুরুতে একদিন পরপর ব্যবহার করুন। জ্বালা, লালচে ভাব বা ফোলা হলে বন্ধ করে দিন। ভিটামিন সি খাবার বা ট্যাবলেট হিসেবে খেলে ডার্ক সার্কেল কমে, এমন প্রমাণ নেই, যদি না আপনার ঘাটতি থাকে।
Retinol Eye Cream ব্যবহারের নিয়ম
রেটিনল ভিটামিন এ থেকে তৈরি একটি উপাদান। এটি কোলাজেন বাড়াতে ও ত্বকের মৃত কোষ ঝরাতে সাহায্য করে। তাই পাতলা, কুঁচকে যাওয়া ত্বকে এবং হালকা বাদামি দাগে ধীরে ধীরে উন্নতি দেখা যেতে পারে। একই কারণে শুরুর দিকে লালচে ভাব, শুষ্কতা বা খোসা ওঠা অস্বাভাবিক নয়।
ব্যবহারের নিয়ম:
- মুখ ও চোখের নিচ পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিন।
- প্রথম কয়েক সপ্তাহ সপ্তাহে দুই রাত ব্যবহার করুন। সহ্য হলে ধীরে বাড়ান।
- চালের দানার সমান ক্রিম নিয়ে চোখের নিচের হাড়ের ধার বরাবর আঙুলের ডগায় ডাব ডাব করে লাগান।
- চোখের পাতা ও চোখের একদম কাছের অংশ এড়িয়ে চলুন।
- ত্বক টানটান লাগলে ওপরে এক স্তর নরম ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- একই রাতে শক্তিশালী অ্যাসিড, পিল বা স্ক্রাব ব্যবহার করবেন না।
- ৪-৬ সপ্তাহের মধ্যে ত্বক মানিয়ে নেয়। জ্বালা বাড়তে থাকলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন।
গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারকে না জানিয়ে ব্যবহার রেটিনল ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
৪. মেকআপ ও বিউটি টিপস: চোখের নিচের কালো দাগ ঢাকার উপায়
মেকআপ ব্যবহার করে চোখের নিচে কালো দাগ ঢাকার উপায়: আগে কালার কারেকশন, তার ওপর কনসিলার, শেষে অল্প পাউডার। মনে রাখার বিষয় হচ্ছে মেকআপ দাগ সারায় না, কিন্তু তাৎক্ষণিক ও ঝুঁকিহীনভাবে দাগকে কম দৃশ্যমান করে।
চোখের নিচে কালো দাগ ঢাকার উপায়
১. চোখের নিচে হালকা আই ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। শুষ্ক ত্বকে কনসিলার জমে গিয়ে সূক্ষ্ম রেখা তৈরি হতে পারে।
২. দাগের সবচেয়ে গাঢ় অংশে কালার কারেক্টরের ছোট ফোঁটা দিন এবং এবং আঙুল বা স্পঞ্জ দিয়ে হালকাভাবে ড্যাব করে মিশিয়ে নিন।
৩. তার ওপর আপনার ত্বকের রঙের সমান বা এক শেড হালকা কনসিলার দিন। প্রয়োজন অনুযায়ী চোখের নিচের দাগের অংশে আলতো করে ব্লেন্ড করুন।
৪. দরকার হলে শুধু কনসিলারের ওপর অল্প ট্রান্সলুসেন্ট পাউডার দিন। অতিরিক্ত পাউডার ব্যবহার করলে চোখের নিচের সূক্ষ্ম রেখা বেশি স্পষ্ট হয়ে উঠতে পারে।
৫. রাতে মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটারে ভেজানো কটন প্যাড দিয়ে আলতো করে মেকআপ তুলুন; কখনো জোরে ঘষবেন না।
Best Concealer for Dark Circles: ডার্ক সার্কেলের জন্য কেমন কনসিলার ভালো?
ডার্ক সার্কেলের জন্য হালকা বা মাঝারি কভারেজের ক্রিমি অথবা হাইড্রেটিং লিকুইড কনসিলার সবচেয়ে ভালো কাজ করে। তবে সেরা কনসিলার ব্র্যান্ড দিয়ে নয়, প্রোডাক্টের বৈশিষ্ট্য দিয়ে বাছাই করুন: নরম ও ক্রিমি ফর্মুলা, ত্বকের সঙ্গে মেলে এমন শেড, সুগন্ধিমুক্ত এবং চোখের চারপাশের জন্য উপযুক্ত। এগুলো চোখের নিচের ফাইন লাইন বা ভাঁজে জমে (crease) যায় না এবং ত্বককে শুষ্ক বা কেকি দেখায় না।
- ফর্মুলা: চোখের নিচের ত্বক শুষ্ক ও পাতলা, তাই হাইড্রেটিং ও ক্রিমি কনসিলার ভালো। খুব ম্যাট ও শুকনো ফর্মুলা দাগের ভাঁজ বাড়িয়ে দেখায়।
- শেড: ত্বকের চেয়ে এক শেড হালকা বেছে নিন। অনেক বেশি হালকা নিলে চোখের নিচে ধূসর বা সাদাটে আভা আসে, বিশেষ করে গাঢ় ত্বকে।
- আন্ডারটোন: উষ্ণ, শীতল বা নিরপেক্ষ আন্ডারটোনের সঙ্গে মিলিয়ে নিন। না মিললে কনসিলার আলাদা করে চোখে পড়ে।
- নিরাপত্তা: সুগন্ধিমুক্ত ও ছিদ্র বন্ধ করে না (নন-কমেডোজেনিক) এমন পণ্য ভালো। জ্বালা হলে ব্যবহার বন্ধ করুন।
- কভারেজ: গাঢ় দাগে মাঝারি থেকে পূর্ণ কভারেজ, হালকা দাগে হালকা কভারেজই যথেষ্ট।
মেকআপ ছাড়াই ডার্ক সার্কেল ঢাকার উপায়
মেকআপ ছাড়া চোখের নিচের দাগ পুরোপুরি ঢাকা যায় না, তবে কয়েকটি সহজ কৌশলে তা তুলনামূলক কম চোখে পড়ে:
- তীব্র রোদে ঘরের বাইরে বের হলে ইউভি-প্রোটেক্টিভ সানগ্লাস ও টুপি ব্যবহার করুন; এটি রোদ আটকানোর পাশাপাশি দাগের ওপর ছায়া ফেলে কালচে ভাব কম স্পষ্ট করে।
- চোখের নিচে হালকা রঙের টিন্টেড মিনারেল সানস্ক্রিন (SPF 50+) বা টিন্টেড ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের রঙের সামঞ্জস্য বজায় থাকে এবং দাগ কিছুটা হালকা দেখায়।
- ঘুম থেকে উঠে পরিষ্কার পাতলা কাপড়ে মোড়ানো বরফ বা ঠান্ডা সেঁক দিলে চোখের নিচের ফোলাভাব কমে, ফলে ছায়া কম পড়ে।
- রাতে মাথার নিচে একটি বাড়তি বা সামান্য উঁচু বালিশ ব্যবহার করলে চোখের নিচে তরল জমতে পারে না, ফলে সকালে ফোলাভাব কম থাকে।
তবে দাগ যদি বংশগত, গভীর পিগমেন্টেশনজনিত বা গঠনগত কারণে হয়ে থাকে, তবে কেবল দৈনন্দিন কৌশলে তা পুরোপুরি দূর নাও হতে পারে; সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়নের মাধ্যমে আধুনিক ডার্মাটোলজিক্যাল চিকিৎসার প্রয়োজন হতে পারে। চোখের নিচে কালো দাগের আধুনিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
৫. চোখের নিচে কালো দাগ প্রতিরোধের টিপস
চোখের নিচে কালো দাগ পড়া রোধ করতে ঘরে ও ঘরের বাইরে এমনকি মেঘলা দিনেও সানস্ক্রিন সান প্রটেকটিভ চশমা ও মাথায় টুপি পড়া, চোখ ঘষাঘষি না করা, নিয়মিত ও সময়মতো ঘুমানো ও অ্যালার্জি নিয়ন্ত্রণ করা আবশ্যক। এগুলো বিভিন্ন ধরনের ডার্ক সার্কেলের ঝুঁকি ও তীব্রতা কমাতে সহায়ক ভূমিকা পালন করে।
- প্রতিদিন সানস্ক্রিন (ঘরে ও ঘরের বাইরে এমনকি মেঘলা দিনেও) ও সান-প্রটেকটিভ চশমা ব্যবহার করুন।
- চোখে চুলকানি হলে ঘষার বদলে অ্যালার্জির কারণ খুঁজে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।
- প্রতি রাতে নির্দিষ্ট সময়ে অন্তত ৭ – ৮ ঘণ্টা ঘুমান।
- ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করা থেকে বিরত থাকুন।
- ঘুমানোর আগে চোখের মেকআপ আলতো করে তুলে ফেলুন।
- সুষম ও পুষ্টিকর খাবার খান। ফ্যাকাশে ভাব বা দুর্বলতা থাকলে রক্ত পরীক্ষা করান।
- অতিরিক্ত স্ক্রিন টাইম (মোবাইল, টিভি, কম্পিউটার, ল্যাপটপ) এড়িয়ে চলুন। স্ক্রিনে কাজের মাঝে বিরতি নিন। প্রতি ২০ মিনিটে ২০ সেকেন্ড দূরের কিছুর দিকে তাকান।
৬. চোখের নিচে কালো দাগ কমাতে খাবার ও পুষ্টি
সুষম খাবার চোখের নিচের ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে Iron, Vitamin B12, Vitamin C ও Protein-এর ঘাটতি থাকলে তা পূরণ করা জরুরি। তবে শুধু খাবার পরিবর্তন করে সব ধরনের Dark Circles দূর করা সম্ভব নয়।

১. Iron Deficiency ও Anemia: আয়রনের ঘাটতিতে রক্তস্বল্পতা এর পাশাপাশি অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা ও ফ্যাকাশে ত্বকের মতো লক্ষণ দেখা যায়, যা চোখের নিচের কালচে ভাবকে আরও দৃশ্যমান করতে পারে। আয়রনের জন্য মাছ, মাংস, ডিম, কলিজা, ডাল, ছোলা ও শিমজাতীয় খাবার, পালংশাক ও অন্যান্য সবুজ শাক শাকসবজি খান।
২. Vitamin B12: Vitamin B12-এর ঘাটতিতে অ্যানিমিয়া হতে পারে, যার কারণে ত্বক ফ্যাকাশে দেখালে চোখের নিচের কালচে ভাবও বেশি চোখে পড়তে পারে। Vitamin B12-এর খাদ্য উৎস: মাছ, মাংস, ডিম, দুধ, দই ও পনির Vitamin B12-এর ভালো উৎস।
৩. Vitamin C: Vitamin C ত্বকের Collagen তৈরিতে সাহায্য করে। Collagen ত্বকের গঠন ও দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি Vitamin C একটি Antioxidant, যা কোষকে Oxidative Stress থেকে সুরক্ষায় ভূমিকা রাখে। তবে খাবার থেকে Vitamin C গ্রহণ করলে সরাসরি Dark Circles দূর হয়; এমন প্রমাণ না থাকলেও; এরা সহায়ক ভূমিকা পালন করে।
Vitamin C-এর ভালো খাদ্য উৎস: আমলকী ও পেয়ারা, কমলা ও মাল্টা, লেবু, পেঁপে, টমেটো, ক্যাপসিকাম
প্রতিদিনের খাবারে এসব ফল ও সবজি রাখুন। বিশেষ করে আয়রনসমৃদ্ধ উদ্ভিজ্জ খাবারের সঙ্গে Vitamin C-যুক্ত খাবার খেলে শরীরে আয়রন শোষণ বাড়তে পারে
৪. পর্যাপ্ত প্রোটিন: ত্বকের গঠন ও কোষের পুনর্গঠনে Protein গুরুত্বপূর্ণ। মাছ, ডিম, মুরগি, দুধ, ডাল, ছোলা, মটরশুঁটি ও বাদাম খাদ্যতালিকায় রাখুন।
৫. সুষম খাদ্যাভ্যাস: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন:
- শাকসবজি: পালংশাক, গাজর, ব্রকলি ও অন্যান্য মৌসুমি সবজি।
- ফলমূল: পেয়ারা, আমলকী, কমলা, পেঁপে ও অন্যান্য মৌসুমি ফল।
- প্রোটিন: মাছ, ডিম, মুরগি, ডাল ও ছোলা।
- স্বাস্থ্যকর চর্বি: বাদাম, বীজ ও পরিমিত পরিমাণে উদ্ভিজ্জ তেল।
- পর্যাপ্ত পানি: শরীরের পানির চাহিদা অনুযায়ী নিয়মিত পানি পান করুন।
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি এবং পুষ্টিহীন খাবারের ওপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
মনে রাখবেন: অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা বা ফ্যাকাশে ভাবের পাশাপাশি Dark Circles থাকলে চিকিৎসকের পরামর্শে CBC, Serum Ferritin বা Vitamin B12 পরীক্ষা প্রয়োজন হতে পারে। পুষ্টির ঘাটতি না থাকলে অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণে Dark Circles কমবে; এমন নিশ্চয়তা মনে করা যাবে না।
আপনার চোখের নিচের কালচে ভাব ঠিক কোন কারণে হচ্ছে এবং কোন যত্ন বা চিকিৎসা আপনার জন্য নিরাপদ; তা অনুমান না করে একজন অভিজ্ঞ বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেওয়াই সবচেয়ে ভালো।
সঠিক মূল্যায়ন, নির্ভুল দিকনির্দেশনা এবং আপনার ত্বকের উপযোগী যত্নের জন্য আজই SUO XI Hospital (Skin Care) এর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
ডার্ক সার্কেল চিকিৎসার খরচ বাংলাদেশে
বাংলাদেশে চোখের নিচের কালো দাগের চিকিৎসার খরচ পদ্ধতি, সেশনের সংখ্যা ও ক্লিনিকভেদে আলাদা। SUO XI Hospital (Skin Care)– এ আনুমানিক চিকিৎসার খরচ- পিআরপি ৳৩,০০০, লেজার ৳৩,৫০০ আর ফিলারে সাধারণত প্রতি সেশনে ৳৩৫,০০০ থেকে ৳৩৮,০০০ টাকা খরচ হয়। সঠিক চিকিৎসার খরচ ও ডিসকাউন্ট সম্পর্কিত বিষয়ে কনসালটেশন এর সময় নির্ধারণ করা হয়। শশী হাসপাতাল (স্কিন কেয়ার) এর চিকিৎসার খরচ সম্পর্কে আরও বিস্তারিত জানুন।
| চিকিৎসা | প্রতি সেশন | খরচ বাড়ার কারণ |
| পিআরপি | ৩,০০০ – ১০,০০০ | সেশনের সংখ্যা, পদ্ধতি |
| লেজার | ৩,৫০০ – ৪৫,০০০ | লেজারের ধরন, চোখের নিচের আকার, সেশন |
| কেমিক্যাল পিল | ৪, ০০০ – ৮,০০০ | পিলের ধরন ও সেশন |
| ফিলার | ৩৫,০০০ – ৩৮,০০০ | গর্তের গভীরতা, ফিলারের ধরন ও পরিমাণ |
চিকিৎসার মূলনীতি নারী-পুরুষ উভয়ের জন্য একই: আগে কালো দাগের ধরন চেনা, তারপর সে অনুযায়ী চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা উত্তম।
মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায়
মেয়েদের ক্ষেত্রে স্কিনকেয়ারের পাশাপাশি গর্ভাবস্থার সতর্কতা, মাসিকের রক্তক্ষরণজনিত আয়রনের ঘাটতি ও মেকআপ তোলার অভ্যাসে নজর দেওয়া জরুরি।
- গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় রেটিনল, হাইড্রোকুইনোন বা কোনো পিগমেন্ট-ক্রিম ডাক্তারকে না জেনে ব্যবহার করবেন না।
- মাসিকে বেশি রক্তক্ষরণ হলে বা ফ্যাকাশে ভাব থাকলে আয়রন ও রক্ত পরীক্ষা করান।
- রোজ মেকআপ করলে রাতে চোখের চারপাশ আলতো করে পরিষ্কার করুন। কাজল ও আইলাইনার ঘষে তুললে প্রদাহ হয়।
- চোখের নিচ ছাড়াও গালে ছোপ ছোপ দাগ থাকলে মেলাসমার সম্ভাবনা হতে পারে। তখন পুরো মুখের জন্য আলাদা চিকিৎসা লাগতে পারে।
ছেলেদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায়
ছেলেদের চোখের নিচের কালো দাগ দূর করার তিনটি সহজ রুটিন: ক্লিনজার, আই ক্রিম বা সিরাম এবং সানস্ক্রিন। এর পাশাপাশি ঘুম ও জীবনযাপনের অভ্যাস ঠিক করা দরকার।
- সকালে মুখ ধুয়ে চোখের নিচে হালকা আই ক্রিম বা সিরাম দিন, তারপর সানস্ক্রিন। অনেক পুরুষ সানস্ক্রিন বাদ দেন, অথচ রোদই বাদামি দাগ বাড়ানোর বড় কারণ।
- অনিয়মিত ঘুম, ধূমপান ও অ্যালকোহল কমান।
- মেকআপে আগ্রহ না থাকলে রং-মেশানো (টিন্টেড) সানস্ক্রিন বা অল্প কনসিলার ব্যবহার করতে পারেন।
- দাগ গাঢ় বা গর্ত থাকলে চিকিৎসা নারী-পুরুষ নির্বিশেষে একই পদ্ধতিতে হয়।
কখন ডার্মাটোলজিস্ট দেখাবেন?
নিচের কোনোটি থাকলে নিজে নিজে আর পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিন:
- দাগ হঠাৎ খুব গাঢ় হয়ে গেলে বা শুধু এক চোখে বেশি হলে
- সঙ্গে ফোলা, চুলকানি, লালচে ভাব, ব্যথা বা দৃষ্টিতে সমস্যা থাকলে
- ফ্যাকাশে ভাব, অস্বাভাবিক ক্লান্তি বা শ্বাসকষ্ট থাকলে
- ঘরোয়া যত্ন ও স্কিনকেয়ারে কয়েক মাসেও পরিবর্তন না এলে
আরও লক্ষণ ও করণীয় আছে এই গাইডে ।
SUO XI Hospital (Skin Care)-এ চোখের নিচের কালো দাগের চিকিৎসা
SUO XI Hospital (Skin Care)-এ চিকিৎসক প্রথমে আপনার চোখের নিচের ত্বক পরীক্ষা করে দাগের ধরন ও কারণ নির্ণয় করেন। এরপর আপনার ত্বকের ধরন, বয়স, জীবনযাপন ও স্বাস্থ্যের ইতিহাস বিবেচনা করে একটি ব্যক্তিগত ট্রিটমেন্ট পরিকল্পনা তৈরি করেন। রোগীর অবস্থা অনুযায়ী এতে পিআরপি, লেজার, ফিলার, মৃদু কেমিক্যাল পিল বা মেসোথেরাপি ব্যবহার করা হতে পারে।
মেসোথেরাপিতে ত্বকে ভিটামিন ও হাইড্রেটিং উপাদানের অতি সূক্ষ্ম ইনজেকশন দেওয়া হয়। এটি ত্বকের আর্দ্রতা ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে। তবে এর প্রমাণ পিআরপি বা ফিলারের তুলনায় সীমিত। চিকিৎসা শুরুর আগেই সম্ভাব্য ফল, সেশনের সংখ্যা, ঝুঁকি ও পরের যত্ন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
শশী হাসপাতালে চিকিৎসার পদ্ধতি, প্রক্রিয়া ও আফটার কেয়ার সম্পর্কে জানতে দেখুন চোখের নিচের কালো দাগের চিকিৎসা এবং গর্তের জন্য চোখের নিচের গর্তের চিকিৎসা।
চোখের নিচে কালো দাগ দূর করার উপায় সম্পর্কিত প্রশ্নাবলী
-
চোখের নিচে কালো দাগ দূর করার সবচেয়ে কার্যকর উপায় কোনটি?
সবার জন্য একই ধরণের চিকিৎসা পদ্ধতি কার্যকর নয়। বাদামি দাগে সানস্ক্রিন ও ব্রাইটেনিং স্কিন কেয়ার উপাদান, নীলচে ছায়ায় ঘুম ও অ্যালার্জি নিয়ন্ত্রণ, আর চোখের নিচে গর্ত থাকলে ফিলার বেশি কার্যকর। দাগের ধরন অনুসারে চিকিৎসকের পরামর্শ অনুসারে চিকিৎসা গ্রহণ ও স্কিন কেয়ার রুটিন অনুসরণ করলে ভালো ফলাফল পাওয়া যায়।
-
চিকিৎসার পর কি আবার দাগ ফিরে আসে?
হ্যাঁ, দাগ ফিরে আসতে পারে। বংশগত, রোদজনিত বা বয়সজনিত কারণ থাকলে দাগ আবার গাঢ় হতে পারে। সানস্ক্রিন, নিয়মিত ও সময়মতো ঘুমানো ও নিয়মিত স্কিন কেয়ার রুটিন অনুসরণ করলে ফলাফল বেশি দিন থাকে। ফিলার সাধারণত কয়েক মাস থেকে দেড় বছর পর্যন্ত থাকে।
-
পিআরপি আর ফিলার, কোনটি ভালো?
দুই চিকিৎসা পদ্ধতির কাজ ভিন্ন ভিন্ন। গর্ত ও ছায়ায় ফিলার দ্রুত ফল দেয়। পাতলা ত্বক ও হালকা দাগে পিআরপি ধীরে উন্নতি আনে। কোনটি আপনার জন্য উপযুক্ত, তা ত্বকের ধরণ ও সমস্যার ভিত্তিতে চিকিৎসক নির্ধারণ করেন।