ব্ল্যাকহেডস- কারণ, চেনার উপায়, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের মধ্যে পার্থক্য ও প্রতিরোধের সম্পূর্ণ গাইড
নাকের দুপাশে হাত দিলেই কি খসখসে অনুভূত হয়? এর অন্যতম কারণ হতে পারে ব্ল্যাকহেডস। এটি ত্বকের একটি সাধারণ সমস্যা, যা নারী-পুরুষ উভয়েরই হতে পারে। সাধারণত নাক, গাল, থুতনি ও কপালে ব্ল্যাকহেডস বেশি দেখা যায়। প্রায়ই ত্বকে অতিরিক্ত তেল, ধুলাবালি, ময়লা ও মৃত কোষ জমে লোমকূপ বন্ধ হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। ফলে আক্রান্ত স্থান দেখতে অস্বস্তিকর লাগতে পারে এবং হাত দিলে খসখসে অনুভূত হয়।
এই ব্লগে ব্ল্যাকহেডস কী, কেন হয়, কীভাবে চিনবেন, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের মধ্যে পার্থক্য এবং ব্ল্যাকহেডস প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি, এই গাইডে ব্ল্যাকহেডস সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও আপনার প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে।
Table of Contents
ব্ল্যাকহেডস কি?
আমাদের ত্বকের লোমকূপ বা পোরস যখন অতিরিক্ত তেল (সিবাম), মৃত ত্বক বা কোষ এবং ময়লা দিয়ে বন্ধ হয়ে যায়, তখন ব্ল্যাকহেডস তৈরি হয়। লোমকূপটির মুখ বন্ধ না হয়ে খোলা থাকলে ভেতরের পদার্থগুলো বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে রাসায়নিকভাবে রঙ পরিবর্তন করে (কালচে হয়ে যায়) এবং কালো রঙ ধারণ করে। এটি ময়লার কারণে কালো হয় না, বরং বাতাসের সংস্পর্শে এসে রঙ বদলে যাওয়ার ফলে কালো দেখায়। এগুলো সাধারণত নাক, কপাল, গাল, পিঠ ও কাঁধে বেশি দেখা যায়।
ব্ল্যাকহেডস কেন হয়?
ব্ল্যাকহেডস মূলত ত্বকের লোমকূপের ভেতরে অতিরিক্ত তেল (সিবাম), ময়লা এবং মৃত ত্বকের কোষ জমে বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। নিচে ব্ল্যাকহেডস হওয়ার আরও কিছু সাধারণ কারণ তুলে ধরা হলো:
- তেল গ্রন্থির অতিরিক্ত সক্রিয়তা: আমাদের ত্বকের তৈলগ্রন্থি যখন প্রয়োজনের চেয়ে বেশি তেল তৈরি করে, তখন তা লোমকূপে জমা হতে থাকে।
- মৃত কোষ না ঝরা: স্বাভাবিকভাবে মৃত কোষ ঝরে না পড়লে এবং নিয়মিত মৃত কোষ পরিষ্কার না করলে তা তেলের সঙ্গে মিশে লোমকূপে আটকে যায়।
- হরমোনের পরিবর্তন: বয়ঃসন্ধিকাল, মাসিক, গর্ভাবস্থা বা মানসিক চাপের কারণে তেল বেশি উৎপন্ন হতে পারে।
- ভারী বা তৈলাক্ত প্রসাধনী: ভারী বা ত্বকের জন্য অনুপযোগী (নন-কমেডোজেনিক নয় এমন) প্রসাধনী ও ময়েশ্চারাইজার ব্যবহার।
- মেকআপ না তুলে ঘুমানো: সারা রাত ত্বকে থেকে লোমকূপে জমে যায়।
- পরিবেশ ও দূষণ: ধুলাবালি ও ঘাম ত্বকের সাথে মিশে লোমকূপ বন্ধ করে দেয়।
- বংশগত প্রবণতা: পরিবারে ব্রণ বা ব্ল্যাকহেডসের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি।
- অনিয়মিত যত্ন: নিয়মিত মুখ না ধোয়া বা অতিরিক্ত ঘষাঘষি, দুটোই ক্ষতিকর।
- জীবনযাপন ও খাদ্যভ্যাস: অতিরিক্ত চিনিযুক্ত, প্রক্রিয়াজাত খাবার খাওয়া, মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাব বা অনিদ্রা ব্ল্যাকহেডসের ঝুঁকি বাড়িয়ে দেয়।
শরীরের কোন কোন স্থানে ব্ল্যাকহেডস হয়?
শরীরের যেসব স্থানে সেবাসিয়াস গ্রন্থি বা তেল উৎপাদনকারী গ্রন্থি বেশি সক্রিয়, সেসব স্থানে ব্ল্যাকহেডস হওয়ার প্রবণতা বেশি। বিশেষ করে মুখের টি-জোন (কপাল, নাক ও থুতনি) এবং পিঠ ও বুকের মতো তৈলাক্ত অংশে এটি বেশি দেখা যায়।
ব্ল্যাকহেডস সাধারণত শরীরের নিচের স্থানগুলোতে হতে পারে:
- নাক ও নাকের দুই পাশ: সবচেয়ে বেশি হয়, কারণ এখানে তেল গ্রন্থি বেশি ও লোমকূপ বড়।
- কপাল: বিশেষ করে চুলের রেখার কাছে।
- থুতনি: তেল ও ঘর্ষণের কারণে সহজে জমে।
- গাল: তুলনামূলক কম, তবে তৈলাক্ত ত্বকে হতে পারে।
- ঘাড়: ঘাম ও কলারের ঘর্ষণে।
- পিঠ ও কাঁধ: ঘাম ও তেল গ্রন্থির আধিক্যে।
- বুক: বিশেষ করে মাঝের অংশে।
- কানের চারপাশ ও পেছনে: তেল ও ময়লা জমে।
- বগল: ঘাম ও শেভিংয়ের কারণে।
- বাহুর ওপরের অংশ: কম হলেও দেখা যায়।
তবে ব্ল্যাকহেডস সবচেয়ে বেশি মুখে দেখা যায়। শরীরের অন্যান্য স্থানে এর উপস্থিতি ব্যক্তির ত্বকের ধরন, তেল উৎপাদন ও পরিচর্যার ওপর নির্ভর করে।
ব্ল্যাকহেডস দেখতে কেমন বা চেনার উপায়
দেখতে কেমন
- ছোট কালো বা গাঢ় বাদামি বিন্দু: লোমকূপের মুখে সূচের মাথার মতো ছোট দাগ।
- সমতল বা সামান্য উঁচু: ব্রণের মতো ফোলা বা লাল হয় না।
- খোলা মুখ: লোমকূপের মুখ খোলা থাকে, তাই ভেতরের জমাট অংশ কালচে দেখায়।
- গুচ্ছ আকারে: নাক, থুতনি ও কপালে অনেকগুলো একসঙ্গে দলবেঁধে থাকে।
চেনার উপায়
- ব্যথা বা চুলকানি থাকে না।
- হাত বুলালে খসখসে লাগে এবং আক্রান্ত জায়গার ত্বক অমসৃণ মনে হয়।
- আয়নায় কাছ থেকে দেখলে স্পষ্ট বোঝা যায়। বিশেষ করে নাকের দুই পাশে।
- চাপ দিলে ভেতর থেকে সুতার মতো জমাট তেল বের হতে পারে। তবে নিজে চাপ দেওয়া উচিত নয়।
ব্রণের দাগ দূর করার উপায় জানতে ক্লিক করুন
ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের পার্থক্য
ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দুটিই কমেডো, অর্থাৎ লোমকূপে তেল ও মৃত কোষ জমে তৈরি হয়। মূল পার্থক্য হলো লোমকূপের মুখ খোলা না বন্ধ, তার ওপর।
| বিষয় | ব্ল্যাকহেডস | হোয়াইটহেডস |
| ধরন | রোমকূপের মুখ খোলা থাকে | রোমকূপের মুখ বন্ধ থাকে |
| রঙ | কালো বা গাঢ় বাদামি | সাদা বা ত্বকের রঙের |
| আকৃতি | সমতল বা সামান্য উঁচু বিন্দু | ছোট উঁচু দানা |
| কালচে হওয়ার কারণ | বাতাসের অক্সিজেনে তেল ও মেলানিন জারিত হয় | বাতাসের সংস্পর্শে আসে না, তাই রঙ বদলায় না |
| প্রদাহ | সাধারণত থাকে না | সাধারণত থাকে না, তবে ব্রণে রূপ নিতে পারে |
| ব্যথা | থাকে না | থাকে না |
| সাধারণ স্থান | নাক, থুতনি, কপাল | কপাল, থুতনি, গাল |
| দূর করা | তুলনামূলক সহজ, মুখ খোলা থাকায় | তুলনামূলক কঠিন, মুখ বন্ধ থাকায় |
ব্ল্যাকহেডস দূর করতে যেসব ভুল এড়িয়ে চলবেন
ব্ল্যাকহেডস দূর করতে গিয়ে অনেকেই অজান্তে নখ দিয়ে চাপাচাপি করা, অতিরিক্ত স্ক্রাবিং এবং ক্ষতিকারক ঘরোয়া উপাদান ব্যবহার করা এমন কিছু ভুল করে থাকেন, যা ত্বকের ক্ষতি করতে পারে এবং সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই ব্ল্যাকহেডস কমাতে নিচের ভুলগুলো এড়িয়ে চলা জরুরি।
১. নখ বা আঙুল দিয়ে চেপে তোলা: এতে লোমকূপ ক্ষতিগ্রস্ত হয়, ইনফেকশন ও দাগের ঝুঁকি বাড়ে। ময়লা আরও গভীরে চলে যেতে পারে।
২. অতিরিক্ত ঘষাঘষি বা স্ক্রাব করা: জোরে ঘষলে ত্বক লাল ও সংবেদনশীল হয়, আর ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য নষ্ট হয়ে ত্বক আরও বেশি তেল তৈরি করে। সপ্তাহে ১-২ বারের বেশি স্ক্রাব নয়।
৩. ঘন ঘন পোরস স্ট্রিপ ব্যবহার: এটি শুধু উপরের অংশ তোলে এবং কয়েক দিনেই ব্ল্যাকহেডস ফিরে আসে। ঘনঘন ব্যবহারে ত্বক ক্ষতিগ্রস্ত হয়।
৪. টুথপেস্ট, লেবু, বেকিং সোডা বা আঠা লাগানো: এসব উপাদান ত্বকের সুরক্ষা স্তর নষ্ট করে জ্বালা, শুষ্কতা ও দাগ তৈরি করতে পারে।
৫. দিনে বারবার মুখ ধোয়া: দিনে দুইবারের বেশি ধুলে ত্বকের প্রাকৃতিক তেল কমে যায়, ফলে ত্বক উল্টো বেশি তেল তৈরি করে।
৬. ময়েশ্চারাইজার বাদ দেওয়া: তৈলাক্ত ত্বকেও ময়েশ্চারাইজার জরুরি। তেলমুক্ত (নন-কমেডোজেনিক) ধরন বেছে নিন।
৭. অপরিষ্কার বালিশের কভার ও তোয়ালে: দীর্ঘদিন একই বালিশের কভার বা তোয়ালে ব্যবহার করলে সেখানে জমে থাকা তেল ও জীবাণু মুখে লেগে নতুন করে ব্ল্যাকহেডস তৈরি করে।
৮. মেকআপ পরিষ্কার না করে ঘুমানো: মেকআপ ও ময়লা লোমকূপে জমে নতুন ব্ল্যাকহেডস তৈরি করে।
৯. সানস্ক্রিন এড়িয়ে যাওয়া: অ্যাসিড বা রেটিনয়েড ব্যবহারের সময় ত্বক রোদে বেশি সংবেদনশীল থাকে।
ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়
ব্ল্যাকহেডস কমাতে ঘরে বসেই কিছু সহজ ও কার্যকর স্কিন কেয়ার পদ্ধতি অনুসরণ করতে পারেন। সঠিক উপাদান ও নিয়ম মেনে যত্ন নিলে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ, রোমকূপ পরিষ্কার রাখা এবং নতুন ব্ল্যাকহেডস তৈরির প্রবণতা কমাতে সাহায্য করে। কোন কোন ঘরোয়া উপাদান ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন এবং কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন, তা জানতে বিস্তারিত পড়ুন- ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়
ব্ল্যাকহেডস প্রতিরোধের উপায়
ব্ল্যাকহেডস পুরোপুরি প্রতিরোধ করা সবসময় সম্ভব নয়। তবে নিয়মিত ত্বকের যত্ন এবং কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এর ঝুঁকি ও পুনরায় হওয়ার প্রবণতা কমানো যায়। ব্ল্যাকহেডস প্রতিরোধে নিচের বিষয়গুলো মেনে চলুন:
১. নিয়মিত মুখ পরিষ্কার করুন: দিনে দুইবার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে অতিরিক্ত তেল, ঘাম ও ময়লা পরিষ্কার করুন। বাইরে থেকে ঘেমে এলে বাড়তি একবার ধোয়া যায়।
২. নন-কমেডোজেনিক প্রসাধনী ব্যবহার করুন: এমন ময়েশ্চারাইজার, সানস্ক্রিন ও মেকআপ ব্যবহার করুন, যা রোমকূপ বন্ধ করে না।
৩. স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত পণ্য ব্যবহার করুন: উপযুক্ত মাত্রার স্যালিসাইলিক অ্যাসিড রোমকূপের ভেতরের অতিরিক্ত তেল ও মৃত কোষ পরিষ্কার রাখতে সাহায্য করে।
৪. নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন: ত্বকের ধরন অনুযায়ী হালকা ও নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৫. মেকআপ পরিষ্কার করে ঘুমান: রাতে ঘুমানোর আগে মেকআপ ও সানস্ক্রিন ভালোভাবে পরিষ্কার করুন।
৬. অতিরিক্ত স্ক্রাব করা এড়িয়ে চলুন: ত্বক বেশি ঘষাঘষি করলে জ্বালাপোড়া ও প্রদাহ হতে পারে। তাই কোমলভাবে ত্বকের যত্ন নিন।
৭. চুল ও ত্বক পরিষ্কার রাখুন: চুলের তেল ও ঘাম যেন মুখে অতিরিক্ত জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।
৮. নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন: ত্বকের উপযোগী SPF 30 বা তার বেশি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন।
৯. বালিশের কভার, তোয়ালে ও মাস্ক পরিষ্কার রাখুন: নিয়মিত ধুয়ে নিলে তেল ও জীবাণু জমে না।
১০. স্বাস্থ্যকর জীবনযাপন: পর্যাপ্ত পানি পান, ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত তৈলাক্ত ও চিনিযুক্ত খাবার কমালে উপকার হতে পারে।
ব্ল্যাকহেডস শুধু ত্বকের সৌন্দর্য নষ্ট করে না, ভুলভাবে দূর করার চেষ্টা করলে ত্বকে প্রদাহ ও স্থায়ী দাগের সমস্যাও তৈরি হতে পারে। তাই নখ দিয়ে চাপ দেওয়া, অতিরিক্ত স্ক্রাব করা কিংবা ভুল ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে ত্বকের ক্ষতি করবেন না। নিয়মিত স্কিন কেয়ার করার পরও ব্ল্যাকহেডস না কমলে বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা নিন। ত্বকের ধরন ও অবস্থা অনুযায়ী কেমিক্যাল পিলিং, হাইড্রাফেসিয়াল বা মাইক্রোডার্মাব্রেশনের মতো পদ্ধতি বিশেষজ্ঞ পরামর্শ দিতে পারেন।
মনে রাখবেন, সঠিক চিকিৎসা ও নিয়মিত স্কিন কেয়ারের মাধ্যমে ব্ল্যাকহেডস কমিয়ে ত্বককে সুস্থ ও পরিষ্কার রাখা সম্ভব।
ব্ল্যাকহেডস দূর করার জন্য শশী হাসপাতাল (স্কিন কেয়ার)-এ US FDA অনুমোদিত আধুনিক মেশিনের মাধ্যমে ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়।
ঢাকায় সেরা স্কিন স্পেশালিস্টের ফ্রি পরামর্শ পেতে এখনই নিচের ফর্মটি পূরণ করুন:



